٨٨٥ عَنْ أبِي الْخَطَابِ قَتَادَةَ قَالَ قُلْتُ لِأَنَس كَانَتِ الْمُصَافَحَةُ فِي اصْحَابِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ نَعَمْ- رواه البخاري.
৮৮৫। আবুল খাত্তাব কাতাদা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আনাস (রাঃ)-কে
জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মধ্যে কি মুসাফাহার প্রচলন ছিল? তিনি বলেন, হাঁ।
ইমাম বুখারী হাদীসটি রিওয়ায়াত করেছেন।
٨٨٦- وَعَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ لَمَّا جَاءَ أَهْلُ الْيَمَنِ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَد جَاءَكُمْ أَهْلُ الْيَمَنِ وَهُمْ أوَّلُ مَنْ جَاءَ بِالْمُصَافَحَةِ- رواه أبو داود باسناد صحیح
৮৮৬। আনাস (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, ইয়ামানবাসীরা এলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ ইয়ামানবাসীরা তোমাদের কাছে এসেছে এবং মুসাফাহা সহকারে তারাই প্রথমে এসেছে।
ইমাম আবু দাউদ সহীহ সনদসহকারে হাদীসটি রিওয়ায়াত করেছেন।
۸۸۷- وَعَنِ الْبَرَاءِ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْ مُسْلِمَيْنِ يَلْتَقِيَانِ فَيَتَصَافَحَانِ إِلَّا غُفِرَ لَهُمَا قَبْلَ أَن يُفْتَرِقَا - رواه أبو داود .
৮৮৭। বারাআ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: দু'জন মুসলিম পরস্পর সাক্ষাতকালে মুসাফাহা করলে তারা আলাদা হবার আগেই তাদের গুনাহ মাফ করে দেয়া হয়।
ইমাম আবু দাউদ হাদীসটি বর্ণনা করেছেন।
۸۸۸- وَعَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ قَالَ رَجُلٌ يَا رَسُولَ الله الرّجُلُ مِنَّا يَلْقَى أَخَاهُ أَوْ صَدِيقَهُ ايَنْحَنِى لَهُ قَالَ لا قَالَ أَفَيَلْتَزِمُهُ وَيُقَبِّلُهُ قَالَ لَا قَالَ فَيَأْخُذُ بِيَدِهِ وَيُصَافِحُهُ قَالَ نَعَمْ - رواه الترمذي وقال حديث حسن
৮৮৮। আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি জিজ্ঞেস করল, হে আল্লাহ্র রাসূল! আমাদের মধ্যে কেউ যখন তার ভাই বা বন্ধুর সাথে সাক্ষাত করে, সে কি তার প্রতি মাথা নোয়াবে? তিনি বলেন: না। সে ব্যক্তি জিজ্ঞেস করল, সে কি তাকে জড়িয়ে ধরবে এবং চুমো খাবে? তিনি বলেন: না। সে জিজ্ঞেস করল, সে কি তার হাত নিজের হাতের মধ্যে নিয়ে মুসাফাহা করবে? তিনি বলেন: হাঁ।
ইমাম তিরমিযী হাদীসটি রিওয়ায়াত করেছেন এবং তিনি একে হাসান হাদীস বলেছেন।
۸۸۹- وَعَنْ صَفْوَانَ بْنِ عَسَالٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ قَالَ يَهُودِى لِصَاحِبِهِ اذْهَبُ بنا إلى هذا النَّبِيِّ فَاتَيَا رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَاهُ عَنْ تِسْعِ آيَاتٍ بَيِّنَاتٍ فَذَكَرَ الْحَدِيث إِلى قَوْلِهِ فَقَبْلاً يَدَهُ وَرَجُلَهُ وَقَالَا نَشْهَدُ أَنَّكَ نَبِيٍّ رواه الترمذي وغيره بأسانيد صحيحة.
৮৮৯। সাফওয়ান ইবনে আসসাল (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, জনৈক ইহুদী তার সাথীকে বলল: চলো আমরা এই নবীর কাছে যাই। কাজেই তারা দু'জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এল এবং তাঁকে নয়টি সুস্পষ্ট নিদর্শন সম্পর্কে জিজ্ঞেস করল। রাবী হাদীসের শেষ পর্যন্ত বর্ণনা করেন যে, অতঃপর তারা দু'জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ও পায়ে চুমো দিল এবং বলল, আমরা সাক্ষ্য দিচ্ছি নিঃসন্দেহে আপনি নবী।
ইমাম তিরমিযী প্রমুখ এ হাদীস রিওয়ায়াত করেছেন সহীহ সনদ সহকারে।
۸۹۰- وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا قِصَّةٌ قَالَ فِيهَا فَدَنَوْنَا مِنَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَبلُنَا يَدَهُ - رواه أبو داود
৮৯০। ইবনে উমার (রাঃ) থেকে ঘটনা বর্ণিত হয়েছে। তাতে তিনি বলেছেন, তারপর আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হলাম এবং তাঁর হাতে চুমো খেলাম। ইমাম আবু দাউদ হাদীসটি রিওয়ায়াত করেছেন।
۸۹۱- وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ قَدِمَ زَيْدُ بْنُ حَارِثَةَ الْمَدِينَةَ وَرَسُولُ الله صلى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَيْتِي فَأَتَاهُ فَقَرَعَ الْبَابَ فَقَامَ إِلَيْهِ النَّبِيُّ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ يَجُرُّ ثَوْبَهُ فَاعْتَنَقَهُ وَقَبْلَهُ - رواه الترمذي وقال حديث حسن.
৮৯১। আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যায়িদ ইবনে হারিসা (রাঃ) মদীনায় এলেন । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমার ঘরে অবস্থান করছিলেন। যায়িদ (মুলাকাত করার জন্য) তাঁর কাছে এলেন এবং দরজায় টোকা দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাপড় টানতে টানতে উঠে গিয়ে তার সাথে কোলাকুলি করলেন এবং তাকে চুমো খেলেন।
ইমাম তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন এবং এটিকে হাসান হাদীস বলেছেন।
۸۹۲ - وَعَنْ أَبِي ذَرٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ قَالَ لِي رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لا تَحْقِرَنَّ مِنَ الْمَعْرُوفِ شَيْئًا وَلَوْ أَنْ تَلْقَى أَخَاكَ بِوَجْهِ طليق - رواه مسلم.
৮৯২। আবু যার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন: নেকীর সামান্য কাজকেও নগণ্য মনে করো না, যদি তোমার ভাইয়ের সাথে হাসিমুখে মুলাকাত করার নেকীটিও হয় (তাও তুচ্ছ মনে করো না ) । ইমাম মুসলিম হাদীসটি রিওয়ায়াত করেছেন।
۸۹۳ - وَعَنْ أَبِى هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ قَبْلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْحَسَنَ ابْنَ عَلِي فَقَالَ الْأَقْرَعُ بْنُ حَابِسٍ إِنْ لِي عَشْرَةٌ مِنَ الْوَلَدِ مَا قَبَّلْتُ مِنْهُمْ أحَدًا فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ لَا يَرْحَمْ لَا يُرْحَمَ - متفق عليه.
৮৯৩। আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ইবনে আলীকে চুমো খেলেন। (তা দেখে) আকরা ইবনে হাবিস বললেন, আমার তো দশটি সন্তান আছে, কিন্তু তাদের একজনকেও চুমো খাইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: যে অন্যের প্রতি স্নেহ-মমতা করে না, তার প্রতিও স্নেহ-মমতা করা হয় না।
ইমাম বুখারী ও ইমাম মুসলিম হাদীসটি রিওয়ায়াত করেছেন।
দ্বিতীয় খণ্ড সমাপ্ত
#মুহাম্মদের_বাণী #ইসলামিক_একাডেমি_এনপি #হে_মুমিনগণ! #ইবনে_মাজাহ #হাদীস_বিশ্ব_নবীর_বাণী #সুনানে_ইবনে_মাজাহ #রিয়াদুস_সালেহীন